এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব; নিজেই তথ্য প্রকাশের ঘোষণা

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই নির্দেশনা পাঠিয়ে তিন কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত লেনদেনের তথ্য জমা দিতে বলা হয়েছে।

বিএফআইইউ-এর এই পদক্ষেপের পর মঙ্গলবার (৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আসিফ মাহমুদ। তিনি জানিয়েছেন, ব্যাংক লেনদেনের তথ্য তিনি নিজেই সবার জন্য উন্মুক্ত করবেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, “আগামীকাল (বুধবার) আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা মনোনীত হয়েছিলেন আসিফ মাহমুদ। শুরুতে তিনি শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও তার ওপর ন্যস্ত ছিল।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে গত ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *