মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে বাংলাদেশের আকাশপথে অচলাবস্থা কাটছেই না। বুধবার (৪ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ৫ দিনে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩-এ।
গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে মধ্যপ্রাচ্যের ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণেই বিভিন্ন এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করতে বাধ্য হচ্ছে।
বেবিচক সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং আজ ৪ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
আজকের বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছেঃ-
- এয়ার অ্যারাবিয়া: ৮টি
- এমিরেটস: ৫টি
- কাতার এয়ারওয়েজ: ৪টি
- ইউএস-বাংলা: ৪টি
- কুয়েত এয়ারওয়েজ: ২টি
- জাজিরা এয়ারওয়েজ: ২টি
এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আগামীকাল ৫ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা এবং কুয়েতগামী সকল ফ্লাইট বাতিল থাকবে।
আকস্মিক এই ফ্লাইট বাতিলের কারণে হাজার হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরের আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
