আজ মুখোমুখি হচ্ছে শিরোপার অন্যতম দুই দাবিদার—দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

গ্রুপ পর্ব এবং সুপার এইটের রোমাঞ্চকর লড়াই শেষে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মহোৎসব পৌঁছেছে সেমিফাইনালের মঞ্চে। প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে শিরোপার অন্যতম দুই দাবিদার—দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্ব থেকে সুপার এইট—পুরো আসরেই অপ্রতিরোধ্য এইডেন মার্করামের দল। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে উড়িয়ে দিয়ে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে। ভারতের কন্ডিশনে প্রোটিয়াদের ব্যাটার ও বোলাররা যেভাবে মানিয়ে নিয়েছে, তাতে ফাইনালের পথে তাদেরই সবচেয়ে ফেভারিট মনে করা হচ্ছে। দুই বছর আগে বিশ্বকাপের আক্ষেপ মেটানোর খুব কাছে এখন ডেভিড মিলাররা।

অন্যদিকে, নিউজিল্যান্ডের সেমিফাইনালের পথটা দক্ষিণ আফ্রিকার মতো এত মসৃণ ছিল না। সুপার এইট থেকে রান রেটের সমীকরণে টিকে থেকে শেষ চারে নাম লিখিয়েছে স্যান্টনার বাহিনী। মাঝেমধ্যেই ব্যাটিং অর্ডারে ধস নামার যে প্রবণতা কিউইদের ভোগায়, সেটি নিয়ে এবার বেশ সতর্ক তারা। অতীতে চারবার সেমিফাইনাল খেললেও কিউইদের সর্বোচ্চ অর্জন রানার্স আপ ট্রফি। প্রোটিয়াদের দাপুটে পারফরম্যান্স রুখে দিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেতে মরিয়া ব্ল্যাক ক্যাপসরা।

পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মের বিচারে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও, নকআউট পর্বের স্নায়ুচাপ সামলে কারা ফাইনালের টিকিট কাটে, তা দেখতে মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *