ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদনের লক্ষে আজ থেকে তেহরানে তিন দিনব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে। বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় রাত থেকে রাজধানীর ইমাম খামেনি ময়দানে এই শোক কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক ভয়াবহ যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তেহরানের বিরুদ্ধে চলমান এই অভিযানে এটিই ছিল সবচেয়ে বড় আঘাত। তার মৃত্যুতে ইরানে এক শোকাতুর পরিবেশ বিরাজ করছে এবং হাজার হাজার সমর্থক ইমাম খামেনি ময়দানে জড়ো হচ্ছেন।
সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, খামেনির সন্তানকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে ইরান। তবে এই ঘোষণার পরপরই চরম উত্তেজনাপূর্ণ মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যেকোনো উত্তরসূরি যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা বজায় রাখে কিংবা যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, তবে তাকে স্পষ্টভাবে টার্গেট করা হবে।” তিনি আরও চরম হুমকি দিয়ে বলেন, প্রয়াত নেতার দাফন সম্পন্ন হওয়ার আগেই তার উত্তরসূরিকে ‘পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলা’ হবে।
এই পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
