ইরানের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহারে সৌদি আরবের না; প্রশংসা তেহরানের

ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হামলার জন্য যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে নিজেদের আকাশসীমা, জলসীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। রিয়াদের এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সৌদিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিরেজা এনায়েতি বলেন, সৌদি আরব বারবার আমাদের নিশ্চিত করেছে যে তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। রিয়াদের এই কূটনৈতিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমিত করতে কূটনৈতিক মধ্যস্থতা করে আসছিল রিয়াদ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা শুরুর পর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এই সংঘাতের রেশ ধরে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং কিছু জ্বালানি স্থাপনাও হামলার শিকার হয়। যদিও ইরান দাবি করেছে, তারা কেবল মার্কিন সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে।

হামলার ঘটনার প্রেক্ষিতে গত ১ মার্চ ইরানের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি সরকার। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্বকে বিপন্ন করছে। সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি বৈঠকে দৃঢ়ভাবে জানিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *