ইরানের পরবর্তী নেতা নির্বাচনে নিজের অংশগ্রহণ চাইলেন ট্রাম্প; মুজতবা খামেনিকে ‘দুর্বল’ বলে আখ্যা

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন নেতা নির্বাচনের যেকোনো চেষ্টা কেবল ‘সময়ের অপচয়’ হবে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে—এমন আলোচনার বিষয়ে ট্রাম্প অবগত বলে জানান। তবে মুজতবাকে নেতৃত্বের জন্য ‘দুর্বল’ আখ্যা দিয়ে ট্রাম্প স্পষ্ট করে দেন যে, তার মনোনয়ন মার্কিন প্রশাসনের কাছে গ্রহণযোগ্য হবে না।

ট্রাম্প বলেন, “খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন একজন নেতাকে দেখতে চাই, যিনি ইরানে সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত করবেন।” তিনি আরও যোগ করেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে অবশ্যই যুক্ত থাকতে হবে। ইরানের নতুন নেতৃত্ব যদি আগের বৈরী নীতির ধারাবাহিকতা বজায় রাখে, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি আরও বাড়বে বলে তিনি মনে করেন।

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে যে, খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মুজতবা খামেনির নাম সবচেয়ে জোরালোভাবে আসছে। যদিও তেহরান এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ট্রাম্পের এমন সরাসরি হস্তক্ষেপমূলক মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *