লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ১০০; বৈরুত খালি করার নির্দেশ, বাস্তুচ্যুত লাখো মানুষ

লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ১০০। সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানে আহত হয়েছেন আরও ৬৩৮ জন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দেশটির উত্তরাঞ্চলীয় ত্রিপোলি এলাকায় এক অভিযানে হামাসের কমান্ডার ওয়াসিম আতাল্লাহ আলীকে হত্যা করা হয়েছে। তবে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই দাবি এবং হতাহতের সঠিক সংখ্যা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইসরায়েলি বাহিনী রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর (দাহিয়ে) এলাকার বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বুর্জ আল-বারাজনে, হাদাথ, হারেত হরিক ও শিয়াহ—এই চারটি বড় এলাকা খালি করতে বলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যমে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়ে দক্ষিণ দিকে যেতে নিষেধ করেছেন।

বিশ্লেষকরা বলছেন, আগে নির্দিষ্ট ভবন লক্ষ্য করে হুঁশিয়ারি দেওয়া হলেও এবারই প্রথম রাজধানীর বড় একটি অংশের বাসিন্দাদের সরে যেতে বলা হলো। ত্রাণ সংস্থাগুলোর মতে, অন্তত ৮০ হাজার মানুষ সরকারিভাবে বাস্তুচ্যুত হিসেবে নাম লিখিয়েছেন। তবে প্রকৃত সংখ্যা ১ লাখ ৮০ হাজারের কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আশ্রয়কেন্দ্রগুলোতে তিল ধারণের জায়গা নেই। বহু পরিবার খোলা আকাশ কিংবা গাড়িতে রাত কাটাচ্ছেন। ত্রাণকর্মীরা জানিয়েছেন, সরকারি স্কুলগুলো ভরে গেছে এবং বিছানা, বালিশ ও কম্বলের তীব্র সংকট দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *