মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এই সংকটের প্রভাবে দেশে জ্বালানি তেলের মজুতদারি রোধ এবং ফিলিং স্টেশনগুলোর উপচে পড়া ভিড় সামাল দিতে তেলের সরবরাহ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
শুক্রবার (৬ মার্চ) এক জরুরি নির্দেশনার মাধ্যমে বিপিসি এই নতুন নিয়ম জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে একটি যানবাহন দৈনিক নির্দিষ্ট পরিমাণের বেশি তেল সংগ্রহ করতে পারবে না। তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং কৃত্রিম সংকট এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিপিসির নির্দেশনা অনুযায়ী দৈনিক বরাদ্দের তালিকা নিচে দেওয়া হলোঃ-
মোটরসাইকেলঃ- সর্বোচ্চ ২ লিটার (পেট্রোল/অকটেন)।
এসইউভি (জিপ) ও মাইক্রোবাসঃ- ২০ থেকে ২৫ লিটার (পেট্রোল/অকটেন)।
ব্যক্তিগত গাড়িঃ- সর্বোচ্চ ১০ লিটার (পেট্রোল/অকটেন)।
পিকআপ ও লোকাল বাসঃ- ৭০ থেকে ৮০ লিটার (ডিজেল)।
দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানঃ- ২০০ থেকে ২২০ লিটার (ডিজেল)।
বিপিসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে এবং পাম্পগুলোতে তদারকি জোরদার করা হয়েছে।
