ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
ফেসবুক পোস্টে ড. শফিকুর রহমান বলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ শোকসন্তপ্ত ইরানি জনগণকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”
পবিত্র রমজান মাসে এই সামরিক হামলার কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, “রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে। এই সংঘাত বিশ্বশান্তিকে আরও বিপন্ন করে তুলছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।
বিবৃতিতে ড. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার জোর দাবি জানান। তিনি বলেন, “আমি সকল পক্ষের প্রতি আহ্বান জানাই—সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ও শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
