চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও তেহরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে মস্কো সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন জাহাজ, বিমান এবং রাডার সিস্টেমের অবস্থান সংক্রান্ত গোপন তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
পরোক্ষভাবে যুদ্ধে জড়ানোর অভিযোগ –
প্রতিবেদন মতে, রাশিয়ার সরবরাহ করা এই গোয়েন্দা তথ্য মার্কিন বাহিনীর ওপর নিখুঁত হামলা চালাতে তেহরানকে বিশেষভাবে সহায়তা করছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এর মাধ্যমে মস্কো সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পরোক্ষভাবে এই বৃহৎ সংঘাতে জড়িয়ে পড়ছে। তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, রাশিয়া সহায়তা দিলেও চীন ইরানকে এই ধরনের কোনো গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে না।
রাশিয়া এখন পর্যন্ত এই গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার কড়া নিন্দা জানিয়েছে মস্কো। এদিকে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইরানের পক্ষ থেকে রাশিয়ার কাছে এখন পর্যন্ত কোনো অস্ত্র সরবরাহের অনুরোধ আসেনি।
পেসকভ আরও যোগ করেন, ইরানের সঙ্গে রাশিয়ার অংশীদারিত্বের অবস্থান অত্যন্ত দৃঢ় এবং সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
