দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে আইন সংশোধন করে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হয়েছিল, যা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন ও বিতর্ক রয়েছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে নির্বাচনের লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছে। আগামী ১২ মার্চ এই অধ্যাদেশটি জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
