রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টাঙানো বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সকালে তিনি নিজে উপস্থিত থেকে তার ছবি সংবলিত ব্যানার অপসারণের মাধ্যমে এই নির্দেশনার বাস্তবায়ন শুরু করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হওয়ার পর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে তার ছবি সংবলিত একটি ব্যানার দেখতে পান। তিনি তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে সেই ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং তার উপস্থিতিতেই সেটি অপসারণ করা হয়।
ব্যক্তিগত প্রচারণার চেয়ে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজধানীর সব বিলবোর্ড থেকে তাকে অভিনন্দন জানানো বিজ্ঞাপনগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। কয়েকদিন আগেও বিজয় সরণি দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে তার ছবি দেখে তিনি সেটি নামানোর নির্দেশ দিয়েছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, যত্রতত্র ব্যানার-ফেস্টুন টাঙিয়ে নগরীর সৌন্দর্য নষ্ট করার যে সংস্কৃতি রাজনীতিতে প্রচলিত ছিল, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ সেই ধারায় পরিবর্তনের একটি বড় বার্তা।
