আমিরাত ও বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় অ্যামাজনের ডেটা সেন্টার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির ক্লাউড কম্পিউটিং শাখা ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’ (এডব্লিউএস) মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আমিরাত ছাড়াও বাহরাইনে তাদের অপর একটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

অ্যামাজন জানিয়েছে, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ তাদের ডেটা সেন্টারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। হামলার ফলে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উল্লেখ্য, এই ডেটা সেন্টারগুলো ওই অঞ্চলের অসংখ্য ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং ব্যবসায়িক ডিজিটাল পরিষেবা পরিচালনার জন্য তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে। ফলে এই ক্ষয়ক্ষতির প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান ‘অপ্রত্যাশিত’ ও অস্থিতিশীল পরিস্থিতির কথা মাথায় রেখে অ্যামাজন তাদের গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। প্রতিষ্ঠানটি অবিলম্বে সব ডেটা ব্যাকআপ করার পরামর্শ দিয়েছে। এছাড়া সম্ভব হলে তথ্যপ্রযুক্তি সিস্টেমগুলো মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া বা ইউরোপের সার্ভারে স্থানান্তরের আহ্বান জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল অবকাঠামো লক্ষ্য করে এই ধরনের হামলা বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *