নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করে ফেঁসে গেলেন বিএনপি নেতা; কারণ দর্শানোর নোটিশ দিল দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। রোববার (৮ মার্চ) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশরাফুল ইসলাম দলের অনুমতি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না—তার ব্যাখ্যা দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

এর আগে রোববার সকালে আশরাফুল ইসলাম ঢাকার আদালতে মামলাটি করেন। মামলার আবেদনে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের কাছে পরাজিত হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। গত ৫ মার্চ তার দেওয়া একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে মির্জা আব্বাসের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে মামলাটি আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিকে তলব করেছেন। উল্লেখ্য, মির্জা আব্বাস বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *