ইরান সরকারের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক সংঘাতে অংশ না নিতে এবং যুক্তরাষ্ট্রের ওপর ভরসা না করতে ইরানি কুর্দিদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে সিরিয়ার কুর্দিরা। তাদের মতে, ওয়াশিংটন প্রয়োজনের সময় মিত্রদের ব্যবহার করলেও সংকটকালে প্রায়ই তাদের একা ফেলে চলে যায়।
দীর্ঘদিন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইতে যুক্তরাষ্ট্রের প্রধান সহযোগী হিসেবে কাজ করেছে সিরিয়ার কুর্দিরা। কিন্তু যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মার্কিন বাহিনী তাদের একা ফেলে সরে গেলে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এখন ইরানের কুর্দিদের একই ভুল না করার পরামর্শ দিচ্ছে তারা।
সিরিয়ার কুর্দি শহর কামিশলির বাসিন্দা সাদ আলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইরানের কুর্দিরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বাঁধে, তবে তারা দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বে। যুদ্ধের পর যুক্তরাষ্ট্র চলে গেলে ইরান তাদের নিশ্চিহ্ন করে দিতে পারে। আমাদের করা ভুলের পুনরাবৃত্তি যেন তারা না করে।’
বর্তমানে সিরিয়া, ইরান, তুরস্ক ও ইরাকের বিশাল অঞ্চলজুড়ে কুর্দিদের বসবাস থাকলেও তাদের নিজস্ব কোনো স্বাধীন রাষ্ট্র নেই। ইরাকের কুর্দিস্তানে কিছুটা আংশিক স্বায়ত্তশাসন থাকলেও বাকি দেশগুলোতে তারা রাষ্ট্রীয় চাপের মুখে রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কুর্দিদের এই অভ্যন্তরীণ সতর্কবার্তা নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।
সূত্র: রয়র্টাস
