পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। কোনো কারণে তিনি অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জামাতগুলোর সময়সূচি ও ইমামগণের তালিকা নিচে দেওয়া হলোঃ-
- প্রথম জামাত (সকাল ৭টা): মাওলানা মিজানুর রহমান (সিনিয়র পেশ ইমাম)।
- দ্বিতীয় জামাত (সকাল ৮টা): মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী (পেশ ইমাম)।
- তৃতীয় জামাত (সকাল ৯টা): মাওলানা মো. জাকির হোসেন (উপ-পরিচালক, ইফা)।
- চতুর্থ জামাত (সকাল ১০টা): মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী (ধর্মীয় প্রশিক্ষক)।
- পঞ্চম জামাত (সকাল ১০টা ৪৫ মিনিট): মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ (মুফতি, ইফা)।
বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান মাওলানা শহীদুল ইসলাম। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রীপরিষদের সদস্য ও কূটনীতিকসহ সাধারণ মুসল্লিরা অংশ নেবেন।
