ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে বেইজিং জানিয়েছে, চীন কোনো অজুহাতে অন্য দেশের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। সোমবার (৯ মার্চ) এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ইরানের বার্তা সংস্থা পার্স-টুডে জানিয়েছে, মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের বিষয়টিকে তেহরানের সাংবিধানিক সিদ্ধান্ত হিসেবে দেখছে চীন। মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, “আমরা এ সম্পর্কিত সংবাদগুলো লক্ষ্য করছি। ইরান তাদের সংবিধানের আলোকেই এই সিদ্ধান্ত নিয়েছে।”
চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন যে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি অবশ্যই বিশ্ব সম্প্রদায়ের সম্মান দেখানো উচিত।
বেইজিংয়ের এই মন্তব্যকে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের নেতৃত্বের প্রতি চীনের পরোক্ষ সমর্থন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর সোমবার ইরানের বিশেষজ্ঞ পরিষদ মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে।
