আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা; স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামেও ধস

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কার মধ্যে বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হয়েছে স্বর্ণের। আন্তর্জাতিক বাজারের এই ধাক্কায় দেশের বাজারেও স্বর্ণের দাম এক লাফে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক বাজারে স্পট স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৪৫২.২০ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহজুড়েই মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ১.৮ শতাংশ। এছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৬ শতাংশ কমে ৪,৪৭৮.৫০ ডলারে নেমেছে। শুধু স্বর্ণই নয়; রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বিশ্ববাজারে চলতি সপ্তাহে উল্লেখযোগ্য হারে কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কঠোর করার সম্ভাবনা এবং ডলারের ঊর্ধ্বমুখী ভাব স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করেছে।

এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও স্বর্ণের দামে স্বস্তির খবর দিয়েছে বাজুস। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২,১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৪Nz৩ টাকায় বিক্রি হবে। ঈদের পর পরই স্বর্ণের বাজারে এমন দরপতন ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *