বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। গত বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির এই তালিকা প্রকাশ করা হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে রবিউল ইসলাম নয়ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। মাঠপর্যায়ের ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত নয়ন দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তৃণমূল স্তর থেকে উঠে আসা এই নেতা বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার লড়াই, সংগ্রাম ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তাঁর হাতে এই নতুন দায়িত্ব তুলে দিয়েছেন বলে মনে করছেন দলীয় কর্মীরা। রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও জেল-জুলুমের মুখোমুখি হওয়া রবিউল ইসলাম নয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন।
নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর রবিউল ইসলাম নয়নের অনুসারী ও সাধারণ কর্মীরা আশা প্রকাশ করেছেন, তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কেন্দ্রীয় যুবদলকে আগামী দিনে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
