ইনজুরিতে নেইমার ছিটকে গেলেন ম্যাচ থেকে

বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কাফ মাসলের (পায়ের পেশি) চোটের কারণে শনিবার (৬ জুন) মিসরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, চোটের কারণে নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না। দলের বাকি সদস্যরা ম্যাচ খেলতে গেলেও নেইমার নিউ জার্সির ট্রেনিং ক্যাম্পেই অবস্থান করবেন এবং সেখানে তাঁর চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চলবে।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরো মৌসুমজুড়েই চোটের সঙ্গে লড়াই করেছেন। ফিটনেস নিয়ে ঘাটতি থাকা সত্ত্বেও কোচ কার্লো আনচেলত্তি তাঁকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করায় ফুটবল মহলে বিষয়টি নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ ম্যাচে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়কে না পাওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগে পড়েছে সেলেসাও শিবির।

আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ ‘ই’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। তবে নেইমারের এই চোট কতটা গুরুতর এবং তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে সিবিএফের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *