ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। বলা যায়, এটি প্রায় শেষ হয়ে গেছে।’
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। তার মতে, ইরানের এখন কার্যকর কোনো নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং তাদের কোনো বিমান বাহিনীও অবশিষ্ট নেই। ট্রাম্প আরও যোগ করেন, ‘দেশটির ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে।’
ট্রাম্পের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক এগিয়ে রয়েছে। যুদ্ধ কি খুব দ্রুতই শেষ হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পুরো বিষয়টি এখন তার পরিকল্পনার ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে।’
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উদ্দেশে কোনো বিশেষ বার্তা আছে কি না, জানতে চাইলে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, তার জন্য কোনো বার্তা দেওয়ার প্রয়োজন তিনি মনে করছেন না।
উল্লেখ্য, যুদ্ধের আজ দশম দিন চলছে। এর আগে হোয়াইট হাউস থেকে আভাস দেওয়া হয়েছিল যে এই যুদ্ধ এক মাসের বেশি স্থায়ী হতে পারে। তবে ট্রাম্পের এই নতুন বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।
