ইরানের রাজধানী তেহরানের পূর্বদিকের একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। সোমবার দিনভর তেহরানসহ দেশটির প্রধান শহরগুলোতে দফায় দফায় এ ধরনের হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
আল-জাজিরার প্রতিবেদকরা জানিয়েছেন, সোমবার প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সর্বশেষ বিস্ফোরণটি রাজধানীর কোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি। দিনভর চলা এই ধারাবাহিক হামলায় পুরো শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
রাজধানীর বাইরে ইসফাহানসহ অন্যান্য বড় শহরগুলোকেও লক্ষ্যবস্তু করেছে হামলাকারীরা। বিশেষ করে ইসফাহানে অবস্থিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এছাড়া শহরটির গভর্নরের কার্যালয়েও বোমা হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
যুদ্ধের লেলিহান শিখা থেকে বাদ পড়েনি ইরানের হাজার বছরের প্রাচীন স্থাপত্যও। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদ বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। একে সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর বড় আঘাত হিসেবে দেখছেন ইতিহাসবিদরা।
সূত্র: আল-জাজিরা
