জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার প্রধান ভিত্তি। তিনি সতর্ক করে বলেন, ‘জুলাই সনদ আদেশ’-এর মাধ্যমে যে বৈধতা প্রতিষ্ঠিত হয়েছে, কোনো নির্বাচিত সরকার যেন সেই বাস্তবতাকে উপেক্ষা না করে।
সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, যদি জাতীয় সংসদে পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার কার্যক্রম থেকে সরে আসা হয় বা শপথ গ্রহণের প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়, তবে দেশে শুধু রাজনৈতিক সংকটই তৈরি হবে না, বরং নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। তিনি আরও বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে তা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেঈমানির শামিল হবে।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিকে ঐক্যের বার্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংসদেও একইভাবে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ আদেশ কার্যকর করার মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।
