ক্রিকেটারদের ঈদের আনন্দ বাড়িয়ে দিচ্ছে বিসিবি; পরিবারসহ উপহার পাচ্ছেন ৫০ জন

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসায় দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। সেই আমেজ আরও রাঙিয়ে দিতে জাতীয় দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য বিশেষ ঈদ উপহারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার শুধু ক্রিকেটাররাই নন, বিসিবির পক্ষ থেকে উপহার পাঠানো হচ্ছে তাদের পরিবারের সদস্যদের জন্যও।

বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের তথ্যমতে, বিগত এক বছরে জাতীয় দলের হয়ে অন্তত একটি ম্যাচ খেলেছেন এমন ৩০ জন ক্রিকেটার ও তাদের স্ত্রীদের জন্য থাকছে এই উপহার। এছাড়া দলের সাথে থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফসহ সব মিলিয়ে মোট ৫০ জন এই উপহারের তালিকায় রয়েছেন।

ক্রিকেটারদের জন্য উপহার হিসেবে থাকছে পাকিস্তানের বিখ্যাত ব্র্যান্ড ‘জে ডট’-এর আকর্ষণীয় পাজামা-পাঞ্জাবি। একই ব্র্যান্ডের সালোয়ার-কামিজ থাকছে তাদের স্ত্রীদের জন্য। মজার ব্যাপার হলো, তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম এই ব্র্যান্ডেরই অ্যাম্বাসেডর। এছাড়া ক্রিকেটারদের সন্তানদের জন্য থাকছে বিশেষ চকলেট বক্স। পুরো আয়োজনের জন্য বিসিবি ৪ লাখ টাকার বাজেট বরাদ্দ করেছে।

এই উদ্যোগ সম্পর্কে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, “জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বোঝাপড়া সব সময়ই ভালো। তবে সৌজন্যমূলক এই উপহার ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগকে আরও উষ্ণ ও সুদৃঢ় করেছে।”

উল্লেখ্য, গত বছর বিসিবি প্রথমবার এই রীতি চালু করেছিল। বর্তমানে পাকিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত থাকা টাইগাররা আগামী ১৫ মার্চ সিরিজ শেষ করে ঈদের আগে পরিবারের কাছে ফিরবেন। বিসিবির এই উপহার তাদের উৎসবের আমেজকে দ্বিগুণ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *