রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর ডান হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে এই চোট কাটিয়ে পূর্ণ ফিটনেসে মাঠে ফিরতে তার প্রায় এক বছর সময় লাগতে পারে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’ মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
মঙ্গলবার সকালে রদ্রিগোর ডান পায়ের সামনের ‘অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট’ (ACL) এবং বাইরের ‘মেনিস্কাসে’ অস্ত্রোপচার করেন প্রখ্যাত চিকিৎসক ডা. লেইস। গত সপ্তাহে গেটাফের বিপক্ষে ম্যাচে ৬৬ মিনিটে স্প্যানিশ উইঙ্গার আদ্রিয়ান লিসোর চ্যালেঞ্জের মুখে পড়ে এই গুরুতর চোট পান তিনি। প্রাথমিকভাবে ব্যথা নিয়ে খেলা চালিয়ে গেলেও পরে পরীক্ষায় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
ক্লাব সূত্রে জানা গেছে, রদ্রিগোর পুরোপুরি সেরে উঠতে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যদিও চিকিৎসকরা আশা করছেন ১২ মাস সময় লাগবে, তবে রদ্রিগোর শরীর দ্রুত সাড়া দিলে মাস দুয়েক আগেও তাকে মাঠে দেখা যেতে পারে। এই অনাকাঙ্ক্ষিত ইনজুরির ফলে চলতি মৌসুম তো বটেই, আগামী মৌসুমের বড় একটা অংশও মিস করতে যাচ্ছেন এই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
