ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ; সংসদ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সভা-সমাবেশ নিষিদ্ধ

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই ঐতিহাসিক অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা রক্ষায় ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার সকালে সংসদ ভবন এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। কয়েকটি স্তরে ভাগ হয়ে পুরো এলাকা ঘিরে রেখেছেন তারা। বুধবার রাত ১২টা থেকেই সংসদ এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

সংসদ অধিবেশন উপলক্ষে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ বা ডাইভারশন করা হয়েছে:

ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড়: এখান থেকে রোকেয়া সরণিগামী যানবাহন ডানে মোড় নিতে পারবে না; সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে যেতে হবে।

খেজুরবাগান এলাকা: মানিক মিয়া এভিনিউ থেকে খেজুরবাগান হয়ে রোকেয়া সরণিগামী যানবাহন বাঁয়ে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

একমুখী চলাচল: উড়োজাহাজ মোড় থেকে খেজুরবাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল কার্যকর থাকবে।

ডিএমপি নগরবাসীকে সাময়িক এই অসুবিধা এড়িয়ে চলতে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *