জাতীয় সংসদের অধিবেশন কক্ষের সৌন্দর্য ও গাম্ভীর্য বৃদ্ধিতে যুক্ত হলো পবিত্র কালেমা তাইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.)। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় গতকাল বুধবার (১১ মার্চ) স্পিকারের চেয়ার বরাবর পেছনের উঁচু দেয়ালে এই আরবি ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গতকাল প্রথমবারের মতো জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন। এই অফিস চলাকালীন তিনি অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যিবা সংবলিত আরবি ক্যালিগ্রাফিটি স্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখাকে সরাসরি নির্দেশনা প্রদান করেন।
অধিবেশন কক্ষে পরিবর্তন প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরপরই জাতীয় সংসদ সচিবালয়ের প্রকৌশল ও সংশ্লিষ্ট শাখা ক্যালিগ্রাফিটি স্থাপনের কাজ শুরু করে। আজ বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংসদ সদস্যরা এই নতুন সংযোজনটি দেখতে পাবেন। সংসদের মূল কক্ষের প্রধান দেয়ালে এই ক্যালিগ্রাফি স্থাপনের বিষয়টি সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।
