গুলশানে পথচারীকে মারধর: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ, চাওয়া হয়েছে ভিসার ব্যাখ্যা

রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচিত রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও আপত্তিকর কন্টেন্ট দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আইনি নোটিশে মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তার বাংলাদেশে থাকার বৈধ ভিসা এবং ওয়ার্ক পারমিট আছে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আগামী সাত দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ-১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ মার্চ) গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনদের মাঝে এই কথিত মডেলকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *