রেমিট্যান্সের জোয়ারে ভাসছে দেশ; মাত্র ১০ দিনেই এল ১৭৩ কোটি ডলার

দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে প্রবাসীদের পাঠানো আয়ের হাত ধরে। ২০২৬ সালের মার্চের প্রথম ১০ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৭৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (১.৭৩ বিলিয়ন)। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৭ কোটি ৩৮ লাখ ডলার।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ব্যাপক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৪১৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.২০ শতাংশ বেশি।

চলতি অর্থবছরটি রেমিট্যান্সের জন্য মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার পাঠিয়ে প্রবাসীরা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েন। জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীরা এ যাবৎকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিলেন, যা এবারও ভাঙার পথে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *