প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ মার্চ) গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার পরপরই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। প্রাথমিক অবস্থায় তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এবং রক্তচাপ ও অন্যান্য শারীরিক অসামঞ্জস্য দেখা দেওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাঁর স্বামীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং রিপোর্ট আসার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
