সান্তাহারে ২১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক; সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ২১ ঘণ্টা পর উত্তরবঙ্গের ৫ জেলার সঙ্গে রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ চলাচলের মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, বুধবার দুপুরের দুর্ঘটনার পর ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন উদ্ধারকাজে অংশ নেয়। রেলওয়ের কর্মীদের রাতভর প্রচেষ্টায় লাইনচ্যুত বগিগুলো মূল লাইন থেকে অপসারণ করা সম্ভব হয়েছে। এরপর নতুন লাইন স্থাপনের মাধ্যমে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।

এই দুর্ঘটনার প্রাথমিক দায়ভার নিরূপণে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। স্থানীয়দের অভিযোগ, চালক সিগন্যাল না বুঝে দ্রুতগতিতে ট্রেন চালানোর কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার থেকে দুই কিলোমিটার উত্তরে আদমদীঘির বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে শতাধিক যাত্রী আহত হন। এর মধ্যে অন্তত ৬০ জনকে নওগাঁ জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *