আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস; নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান

দেশের ১৭টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর৷ এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কবার্তা দেখাতে বলা হয়েছে৷

আজ বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে৷

আবহাওয়া পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে৷

পূর্বাভাসে জানানো হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে৷ একই সঙ্গে এসব এলাকায় মাঝারি থেকে তীব্র বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেকোনো ধরনের নৌ-দুর্ঘটনা এড়াতে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্কসংকেত (সতর্কবার্তা) প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *