লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে নিযুক্ত ইরানি দূতের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই দাবি জানান।
আরাগচি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, সেখানে লেবাননকেও অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। আরাগচি স্পষ্টভাবে বলেন, “চুক্তি অনুযায়ী লেবাননে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।” লেবাননের সাধারণ মানুষের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দাও জানান তিনি।
অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক বিবৃতিতে জানিয়েছেন, কেবল প্রতিশ্রুতি নয়, মাঠপর্যায়ে তার বাস্তবায়ন দেখতে চায় তেহরান। তিনি শর্ত দিয়েছেন যে, লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের জব্দকৃত সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা শুরু করা হবে না।
শান্তি আলোচনার প্রাক্কালে ইরানের এমন কঠোর অবস্থান ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও জটিল করে তুলল বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা
