পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শুরু হতে যাওয়া শান্তি আলোচনা সফল না হলে ইরানকে ভয়াবহ পরিনতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে শুক্রবার (১০ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো অত্যাধুনিক ও শক্তিশালী মারণাস্ত্রে সজ্জিত করছে পেন্টাগন।
টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা জাহাজগুলোতে এযাবৎকালের সেরা এবং অত্যাধুনিক সব অস্ত্র বোঝাই করছি। যদি ইসলামাবাদে কোনো চুক্তি সম্পাদিত না হয়, তবে আমরা এই ভয়ানক অস্ত্রগুলো ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে ব্যবহার করব। আমরা তাদের আবারও ধ্বংসস্তূপে পরিণত করব।”
শান্তি আলোচনার ঠিক আগমুহূর্তে ইরান তাদের জব্দ করা সকল সম্পদ ফেরত দেওয়ার নতুন শর্ত জুড়ে দিয়েছে। ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও সন্দেহ প্রকাশ করে বলেন, “তারা আমাদের সামনে বলে পারমাণবিক অস্ত্র ধ্বংস করা হয়েছে, আবার গণমাধ্যমে গিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা বলে। এটি সহ্য করা হবে না।”
ইতোমধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে বলে জানা গেছে। তবে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ওয়াশিংটনের অনীহা এবং ট্রাম্পের এই সরাসরি যুদ্ধের হুমকির কারণে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রবল হচ্ছে।
