চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে। মূলত একটি কোচিং সেন্টারের মডেল টেস্টের প্রশ্নকে আসল প্রশ্ন দাবি করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সম্প্রতি টিকটকের ‘Porishrom SSC School’ নামক একটি অ্যাকাউন্ট থেকে এসএসসি ২০২৬-এর ইংরেজি ১ম পত্রের প্রশ্ন ফাঁসের দাবি করে একটি ভিডিও পোস্ট করা হয়, যা প্রায় ৩৪ লাখ বার দেখা হয়েছে। তবে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’ যাচাই করে দেখেছে, এটি কোনো শিক্ষা বোর্ডের প্রশ্ন নয়; বরং এটি ‘উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার’-এর একটি ফাইনাল মডেল টেস্টের প্রশ্নপত্র।
তদন্তে দেখা গেছে, উক্ত টিকটক অ্যাকাউন্টটি গত মার্চ মাস থেকে পরিকল্পিতভাবে বিভিন্ন স্কুলের গত বছরের টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং কোচিং সেন্টারের প্রশ্নকে ‘ফাঁস হওয়া প্রশ্ন’ হিসেবে প্রচার করছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপেও এর প্রচারণা চালানো হচ্ছে। এর পেছনে বিল্লাল মিয়া নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যার বিকাশ নম্বর ব্যবহার করে আর্থিক প্রতারণার চেষ্টাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। এবার প্রশ্নপত্র ফয়েল প্যাক ও বিশেষ সিকিউরিটি খামে সংরক্ষণ করা হচ্ছে, যা খোলার পর পুনরায় ব্যবহার করা অসম্ভব। এছাড়া ডিজিটাল মনিটরিং এবং পরীক্ষা শুরুর মাত্র ১৫-২০ মিনিট আগে খাম খোলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব গুজব রটনাকারীদের শনাক্ত করতে কাজ করছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার অনুরোধ জানানো হয়েছে।
