উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (পার্লামেন্ট) নির্বাচনে কিম জং উনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ‘ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’ ও তাদের মিত্ররা বিশাল জয় পেয়েছে। গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে দেশটির ভোটার উপস্থিতির হার ছিল বিস্ময়কর ৯৯.৯৯ শতাংশ।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ (KCNA) ও ইয়োনহাপ নিউজ এজেন্সির তথ্যমতে, শাসক দল ও তাদের মনোনীত প্রার্থীরা ৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। মাত্র ০.০৭ শতাংশ ভোটার প্রার্থীদের বিপক্ষে ভোট দিয়েছেন। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক দেখানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই সামান্য বিরোধী ভোটের সংখ্যা উল্লেখ করা হয়েছে। যদিও উত্তর কোরিয়ার এই নির্বাচন প্রক্রিয়াকে বিশ্বজুড়ে কেবলই একটি ‘প্রতীকী’ আয়োজন হিসেবে দেখা হয়।
নবনির্বাচিত এই পরিষদ দ্রুতই তাদের প্রথম অধিবেশনে বসতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই অধিবেশনে স্টেট অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নির্বাচনসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং দেশটির সমাজতান্ত্রিক সংবিধানে বড় ধরনের কোনো সংশোধনী আনা হতে পারে। কিম জং উনের ক্ষমতা আরও সুসংহত করতেই এই সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
