পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে থাকা প্রায় ৭৮ হাজার ৫০০ বন্দির জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকাসহ দেশের ৭৩টি কারাগারে অবস্থানরত হাজতি ও কয়েদিদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বজনদের সঙ্গে যোগাযোগের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদের দিন সকালে বন্দিদের নাস্তায় দেওয়া হবে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হবে বিশেষ ভূরিভোজ – যার মেনুতে থাকছে পোলাও, গরুর রেজালা (সনাতন ধর্মাবলম্বীদের জন্য খাসি), সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ এবং পান-সুপারি। রাতে থাকবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।
খাবারের পাশাপাশি প্রতিটি কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিনোদনের জন্য কারাবন্দি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঈদের পরদিন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এছাড়া বিশেষ সুবিধা হিসেবে বন্দিরা আজ স্বজনদের রান্না করা খাবার খাওয়ার সুযোগ পাবেন এবং পরিবারের সাথে ফোনে অন্তত ৫ মিনিট কথা বলতে পারবেন। ঈদের তিন দিনের মধ্যে যেকোনো একদিন সরাসরি সাক্ষাতের সুযোগও রাখা হয়েছে।
