জ্বালানি তেল মজুত ও পাচার রোধে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, অবৈধ মজুত প্রতিরোধ এবং বিপণনে শৃঙ্খলা ফেরাতে ১৯টি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

কেন এই মোতায়েন? বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে দেশে অননুমোদিতভাবে তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। গত ২৫ মার্চ সকাল থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা দায়িত্ব পালন করছেন।

বিজিবির অবস্থান ও দায়িত্ব: বর্তমানে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম ও সিলেটে ২টি করে এবং রংপুর, রাজশাহী, মৌলভীবাজার ও কুমিল্লায় ৩টি করে ডিপোতে বিজিবি অবস্থান করছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জে ১টি করে ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত তদারকি, গোয়েন্দা নজরদারি এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন।

সীমান্তে কড়া নজরদারি: ডিপোর পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ টহল এবং চেকপোস্ট স্থাপন করে তল্লাশি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *