স্বামী বিদেশে থাকার সুযোগে পরকীয়া, মহম্মদপুরে মধ্যরাতে হাতেনাতে ধরা ‘শিবির কর্মী’

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইব্রাহিম সরদার (২৫) নামের এক যুবককে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আটক ইব্রাহিম সরদার ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। তবে জেলা ছাত্রশিবির জানিয়েছে, ইব্রাহিম তাদের সংগঠনের কোনো দায়িত্বশীল পদে নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে ইব্রাহিম সরদারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি গৃহবধূর পরিবারের সদস্যরা আগে থেকেই টের পেয়ে ইব্রাহিমের পরিবারকে অবহিত করেছিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। গত শুক্রবার রাতে ইব্রাহিম ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের জানান। পরে স্থানীয় লোকজন এসে দুজনকে হাতেনাতে ধরে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়।

জিজ্ঞাসাবাদে প্রবাসীর স্ত্রী সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় ইব্রাহিমের সঙ্গে আমার যোগাযোগ ও সম্পর্ক তৈরি হয়।”

এদিকে ইব্রাহিমের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে মাগুরা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইনামুল বলেন, “অভিযুক্ত ইব্রাহিম সরদার নির্বাচনকালীন সময়ে আমাদের দলীয় প্রার্থীর হয়ে নিজ এলাকায় কাজ করেছিলেন। তবে যেহেতু ওই এলাকায় আমাদের কোনো ওয়ার্ড কমিটি নেই, তাই তিনি আমাদের কোনো দায়িত্বশীল বা পদধারী নেতা নন।”

মহম্মদপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *