জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি: এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

মামলার বিবরণী থেকে জানা যায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে এই মানহানির মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। মামলার দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রথম দফায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে আজ রোববার (১৭ মে) পুনরায় আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও এদিনও তিনি আদালতে অনুপস্থিত থাকেন। আসামির এই ধারাবাহিক অনুপস্থিতির কারণে আদালত শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে পত্রিকায় হুলিয়া বা গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

বাদীর বক্তব্য: এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল সংবাদমাধ্যমকে জানান, “আজ আমির হামজার আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল। কিন্তু তিনি আইনকে তোয়াক্কা না করে অনুপস্থিত থাকেন। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, আর আজ সর্বশেষ আদালত তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।”

সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতের এই কঠোর অবস্থানের পর স্থানীয় রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *