হামের টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ; ৮ বছর কোনো টিকা দেয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে নতুন করে হামের টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত ১৫ দিনে দেশে হামের প্রবণতা লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। বর্তমানে সংক্রামক ব্যাধি হাসপাতালে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ডিএনসিসি হাসপাতালেও হাম আক্রান্তদের জন্য আলাদা কর্নার করা হয়েছে।”

হামের প্রাদুর্ভাব বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মো. সাখাওয়াত হোসেন জানান, বিগত ৮ বছর ধরে কোনো সরকার হামের টিকা প্রদান করেনি। এই দীর্ঘ বিরতির কারণেই বর্তমানে জনস্বাস্থ্যে এই সংকট দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে দ্রুত টিকা সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে।

মন্ত্রী আরও জানান, বেসরকারি অনুদানের মাধ্যমে ৫টি ভেন্টিলেটর সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪টি আগামীকালই রাজশাহীতে পাঠানো হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের প্রতিটি নতুন সংকট মোকাবিলার নির্দেশ দিয়েছেন। সেই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *