দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার কারণ খুঁজতে তদন্ত কমিটির দুর্ঘটনাস্থল পরিদর্শন

রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম কমিটির অন্য ৫ সদস্যকে নিয়ে ৩ নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। এরপর তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিসি (BIWTC), বিআইডব্লিউটিএ (BIWTA) এবং বিআরটিএ (BRTA) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। দুর্ঘটনার সময় পন্টুনের অবস্থা, বাসের যান্ত্রিক ত্রুটি বা চালকের অবহেলা ছিল কি না—সেসব বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন তাঁরা।

শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তদন্ত কমিটির আহ্বায়ক মো. মুহিদুল ইসলাম বলেন, “আমরা নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করব। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর বিষয়ে প্রতিবেদনে প্রয়োজনীয় সুপারিশমালা অন্তর্ভুক্ত করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *