যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম এমন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের সলিড-ফুয়েল চালিত ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৯ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ (KCNA) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। পরীক্ষা কার্যক্রমটি সরাসরি তদারকি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
প্রতিবেদনে দাবি করা হয়, নতুন এই ইঞ্জিনটি উন্নত কম্পোজিট কার্বন ফাইবার দিয়ে তৈরি। এটি সর্বোচ্চ ২,৫০০ কিলোটন থ্রাস্ট (Thrust) উৎপন্ন করতে সক্ষম, যা গত বছরের সেপ্টেম্বরে করা পরীক্ষার (১,৯৭১ কিলোটন) তুলনায় অনেক বেশি শক্তিশালী। বিশ্লেষকদের মতে, ইঞ্জিনের শক্তি বাড়ানোর এই প্রচেষ্টা মূলত একটি ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড (MIRV) বসানোর পরিকল্পনার অংশ, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সহায়তা করবে।
মিসাইল টেস্ট সেন্টারে তদারকি শেষে কিম জং উন উত্তর কোরিয়াকে স্থায়ীভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাস ও আগ্রাসনের’ ধারক হিসেবে অভিযুক্ত করেন।
দেশটির পাঁচ বছর মেয়াদী সামরিক শক্তি বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবেই এই পরীক্ষা চালানো হয়েছে। তবে ঠিক কোন স্থানে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে, তা রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেনি।
