সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহর থেকে মো. হেলাল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নিহতের বাবা মো. নুর আলম ও পরিবারের সদস্যরা সাংবাদিকদের এই হৃদয়বিদারক তথ্য নিশ্চিত করেছেন। নিহত হেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
নিহতের বাবা নুর আলম জানান, গত ১১ এপ্রিল শারজাহ শহরে নিজ কর্মস্থলে হেলালকে হত্যার পর তার মরদেহ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়। তিনি দাবি করেন, হেলালের সহকর্মী অথবা মালিকপক্ষের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। অন্য এক সহকর্মীর মাধ্যমে ছেলের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। তবে ঠিক কী কারণে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে সচ্ছলতার আশায় আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন হেলাল। সেখানে তিনি ‘নুর আল কামাল পেইন্ট কনট্রাক্টিং’ নামে একটি প্রতিষ্ঠানে পেইনটার হিসেবে কর্মরত ছিলেন। হেলালের ভাই ফয়সালও একই কোম্পানিতে কাজ করতেন, তবে সমস্যার কারণে সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন বাবা নুর আলম।
হেলালের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের জরুরি সহায়তা কামনা করেছেন।
কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম জানান, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক খবর তাদের কাছে পৌঁছায়নি। তবে খোঁজ নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।
