কানাডার কেন্দ্রীয় রাজনীতিতে বড় সাফল্যের স্বাক্ষর রাখলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। ক্ষমতাসীন লিবারেল পার্টির মনোনয়নে অন্টারিও প্রদেশের টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনের উপনির্বাচনে তিনি সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম সিবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
ডলি বেগমের এই জয়ে তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি ডলি বেগমসহ নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমি তাতিয়ানা অগাস্ট, ড্যানিয়েল মার্টিন ও ডলি বেগমকে যথাক্রমে টেরেবোন, ইউনিভার্সিটি-রোজডেল এবং স্কারবোরো সাউথওয়েস্টের নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই।”
নির্বাচনে জয়ের পর ডলি বেগম তার নির্বাচনি এলাকার বাসিন্দা এবং তার প্রয়াত স্বামী রিজওয়ানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। লিবারেল পার্টির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয়েছে।
১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন ডলি বেগম। এর আগে ২০১৮ সালে তিনি অন্টারিও আইনসভার সদস্য হিসেবে প্রথমবার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। তিনি অন্টারিও এনডিপির ডেপুটি লিডার এবং গণপরিবহন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে ডলি বেগম টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রাজনীতিতে আসার আগে তিনি স্কারবোরো হেলথ কোয়ালিশন ও ওয়ার্ডেন উডস কমিউনিটি সেন্টারের মতো গুরুত্বপূর্ণ সংস্থায় নেতৃত্ব দিয়েছেন। তার এই জয় কানাডার কেন্দ্রীয় পার্লামেন্টে বাংলাদেশিদের কণ্ঠস্বর আরও জোরালো করবে বলে মনে করা হচ্ছে।
