ফুলবাড়িয়া মার্কেটের অবৈধ দোকান পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেজমেন্ট ও পার্কিং এলাকায় সিলগালা ভেঙে সহস্রাধিক অবৈধ দোকান গড়ে তোলায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সরেজমিনে মার্কেটটি পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সামাদ।

অবৈধ দোকান গড়ে তোলার বিষয়টি প্রশাসক মো. আবদুস সামাদের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লিখিত নির্দেশ দেন।
ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান নিশ্চিত করেছেন যে, প্রশাসক মহোদয় আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়িয়া সুপার মার্কেটে উপস্থিত হয়ে অবৈধভাবে নির্মিত দোকানগুলো পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালে সিটি কর্পোরেশন এই মার্কেটের আন্ডারগ্রাউন্ড পার্কিং ও ফাঁকা জায়গার অবৈধ দোকানগুলো উচ্ছেদ করেছিল। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পর পুরনো সিন্ডিকেট পুনরায় প্রভাবশালীদের মদদে সিলগালা ভেঙে প্রায় ১ হাজার দোকান নির্মাণ করে প্রায় ১০০ কোটি টাকার বাণিজ্যে মেতে ওঠে। এতে মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ক্রেতা-বিক্রেতাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ডিএসসিসি প্রশাসকের এই কঠোর অবস্থানের পর সাধারণ ব্যবসায়ীরা আশা করছেন, দ্রুতই বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়ে পার্কিং এলাকাটি দখলমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *