ম্যানচেস্টার সিটির ৪-০ গোলের বড় জয়ের রাতে মাঠের ফুটবল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে রায়ান চেরকির এক অপেশাদার আচরণ। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে বিধ্বস্ত করার ম্যাচে মাঠ থেকে উঠে গিয়ে প্রতিপক্ষ দলের জার্সি গায়ে জড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই ফরাসি মিডফিল্ডার।
ম্যাচের ৭১ মিনিটে একটি অ্যাসিস্ট করার পর চেরকিকে তুলে তিজানি রেইনডার্সকে নামান পেপ গার্দিওলা। এর আগেই মাঠ ছেড়েছিলেন লিভারপুলের ফরোয়ার্ড ও চেরকির জাতীয় দলের সতীর্থ হুগো একিতিকে। দুই বন্ধু ডাগআউটে জার্সি অদলবদল করেন। তবে অবাক করার বিষয় হলো, চেরকি সেই জার্সিটি বেঞ্চে বসে গায়ে জড়িয়ে ফেলেন।
বিষয়টি সিটির কোচিং স্টাফদের নজরে আসামাত্রই তাকে জার্সি খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। চেরকি সঙ্গে সঙ্গে হাত তুলে ক্ষমা চাইলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়ে পড়ে। অনেক সিটি সমর্থক একে ক্লাবের প্রতি অসম্মান হিসেবে দেখছেন। অন্যদিকে, বড় ব্যবধানে হারের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে জার্সি বদলে ক্ষুব্ধ লিভারপুল ভক্তরাও।
ম্যাচ হাইলাইটস:–
ম্যাচে আর্লিং হল্যান্ডের হ্যাটট্রিক এবং সেমেনিওর এক গোলে লিভারপুলকে উড়িয়ে দেয় সিটি। ভার্জিল ফন ডাইকের ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে গোলের খাতা খুলেছিলেন হল্যান্ড। তবে মাঠের সেই দাপুটে পারফরম্যান্সের মাঝেও চেরকির এই ‘জার্সি কাণ্ড’ যেন বড় জয়ের আনন্দকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে।
