গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যদের মারধরের মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান পলাশসহ (৩৫) আরও দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:–
১. মাহমুদুল হাসান পলাশ (৩৫): পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক (মামলার প্রধান আসামি)।
২. গোলজার রহমান (৩৪): উপজেলা জামায়াতের রোকন।
ঘটনার প্রেক্ষাপট: মামলা সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের দাবি নিয়ে থানায় যান জামায়াত নেতা পলাশ ও তার সঙ্গীরা। ওসি সারোয়ারে আলম খান বিষয়টি প্রশাসনিক এখতিয়ারভুক্ত (ইউএনও-এসিল্যান্ডের) বলে জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। একপর্যায়ে ওসির ওপর চড়াও হয়ে তাকে মারধর করেন। এসময় বাধা দিতে গেলে এক নারী কনস্টেবলসহ পুলিশের ৮ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
