ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় এক জটিল ও দুঃসাহসিক অভিযান চালিয়ে নিজেদের নিখোঁজ ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এফ-১৫ (F-15) যুদ্ধবিমান ভূপাতিত করার ৩৬ ঘণ্টা পর এই উদ্ধারকার্য সম্পন্ন হলো।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ ‘ওয়েপন সিস্টেম অফিসার’কে উদ্ধারে ইরানি ভূখণ্ডের ভেতরেই গোপনে একটি অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল মার্কিন কমান্ডোরা। সেখানে প্রথমে দুটি সি-১৩০ (C-130) পরিবহন বিমান পাঠানো হলেও প্রতিকূল পরিবেশ বা কারিগরি জটিলতায় সেগুলো আটকে যায়। পরে আরও তিনটি বিমান পাঠিয়ে ক্রু ও বিশেষ বাহিনীর সদস্যদের উদ্ধার করা হয়। তবে আটকে যাওয়া বিমান দুটি যাতে ইরানের হাতে না পড়ে, সেজন্য মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করে দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই অভিযানকে ‘মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান’ বলে অভিহিত করেছেন। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি জানান, শত্রুবাহিনী ঘিরে ফেলার ঠিক আগমুহূর্তে ওই সেনাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য কুয়েতে নেওয়া হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
সামরিক বিশ্লেষকদের মতে, শত্রু সীমানার ভেতরে ঢুকে পৃথকভাবে দুজন পাইলটকে উদ্ধারের এই ঘটনা মার্কিন সামরিক ইতিহাসে এক নজিরবিহীন উদাহরণ।
