ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আজ ২০টি গুরুত্বপূর্ণ বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় আজ সকালে ১০টি এবং পরবর্তীতে আরও ১০টি বিল পাস হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সভাপতিত্বে অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কোনো সংশোধনী না থাকায় সেগুলো সরাসরি পাস হয়।
উল্লেখযোগ্য বিলসমূহ:-
- জুলাই বিপ্লবের স্বীকৃতি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উত্থাপন করেন ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’। এর মাধ্যমে আন্দোলনে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সহায়তা ও পুনর্বাসনের বিষয়টি আইনি ভিত্তি পেল।
- আর্থিক খাতের সংস্কার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল’, ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল’ এবং ‘আমানত সুরক্ষা বিল’সহ ৫টি বিল পাস করেন।
- উন্নয়ন কর্তৃপক্ষ: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস করেন।
- নিরাপত্তা ও ডিজিটাল ব্যবস্থাপনা: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম ‘সাইবার সুরক্ষা বিল’ ও ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল’ পাস করেন।
- বিশেষ প্রকল্প: প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করলে তা পাস হয়।
সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশিরভাগই পর্যায়ক্রমে আইনে রূপান্তরিত হচ্ছে। এর মধ্যে ২০টি বিল আজ চূড়ান্ত অনুমোদন পেল।
